নভেম্বর ১৮, ২০২৫, ০১:১৪ পিএম
লিবিয়ায় আটক এবং অনিয়মিতভাবে বসবাসরত আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় তাদের এই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বুরাক এয়ারের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই একটি ভয়াবহ পরিস্থিতির শিকার। তাদের বেশিরভাগই মানবপাচারকারী চক্রের প্ররোচনায় পড়েছিলেন।
ইউরোপে অবৈধভাবে প্রবেশের আশায় তারা লিবিয়ায় পাড়ি জমান এবং সেখান থেকে বিপদসংকুল সমুদ্রপথে যাত্রার চেষ্টা করছিলেন। লিবিয়ায় অবস্থানকালে তাদের অনেককেই অপহরণ, জিম্মি ও শারীরিক নির্যাতনের মতো দুর্বিষহ অভিজ্ঞতার শিকার হতে হয়েছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এই কঠিন পরিস্থিতি থেকে তাদের উদ্ধারে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে আইওএমের সঙ্গে যৌথভাবে কাজ করছিল।মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছানোর পর ফেরত আসা এই বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা।
আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে দেশে ফিরে নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য পথ খরচা, জরুরি খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার এই উদ্যোগ একটি চলমান প্রক্রিয়া। সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশে ফেরা ভুক্তভোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন নিজেদের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা অন্যদের সঙ্গে ভাগ করে নেন, যাতে মানবপাচারকারীদের ফাঁদ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পায় এবং আর কেউ যেন এমন বিপদের পথে পা না বাড়ায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন