নভেম্বর ১৯, ২০২৫, ১০:২৩ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ১২ দলের নেতাকর্মীদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এদিন দুই সেশনে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে। প্রথম সেশনটি শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
এই অধিবেশনে জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মতো ছয়টি দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।
পরে দুপুর ২টা থেকে শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই দ্বিতীয় পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি-(বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মতো গুরুত্বপূর্ণ দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে কমিশন। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গত সোমবার এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার, রোববার ও সোমবার দুই সেশনে ১২টি করে মোট ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সংলাপ করেছে ইসি। সেই ধারাবাহিকতাতেই এই ১২টি দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। নতুন দুটি দলের নিবন্ধন দেওয়ার পর বর্তমানে দেশে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এই দলগুলোর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে এবং তিনটি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত এই সংলাপে নির্বাচন পদ্ধতির বিভিন্ন দিক, আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন