বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নির্বাচনকালীন দায়িত্ব: লটারিতে চূড়ান্ত হলো ৬৪ জেলার পুলিশ সুপার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ১০:২৪ এএম

নির্বাচনকালীন দায়িত্ব: লটারিতে চূড়ান্ত হলো ৬৪ জেলার পুলিশ সুপার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) নির্বাচন প্রক্রিয়া লটারির মাধ্যমে চূড়ান্ত করেছে সরকার। নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি অনুষ্ঠিত হয়।

শিগগিরই নির্বাচিত এই এসপিদের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে পদায়ন করা হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

লটারির এই প্রক্রিয়ায় ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলার পুলিশ সুপার নির্বাচনের ক্ষেত্রে একটি বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। প্রথমে অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫তম, ২৭তম ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি 'ফিট লিস্ট' প্রস্তুত করা হয়। চূড়ান্ত এই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকেই ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলি-পদায়নের উদ্যোগ নেওয়া হয় ফেব্রুয়ারির প্রথমার্ধে। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী, যোগ্য কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করে লটারির মাধ্যমে জেলাওয়ারি পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের কারণে গত সপ্তাহে ৬ জেলায় দেওয়া নতুন এসপি নিয়োগের যোগদান স্থগিত রাখা হয় এবং তাদের ক্ষেত্রেও লটারির সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রসঙ্গত, গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে নির্বাচনকালে পুলিশের নিয়োগ ও বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় এই লটারি অনুষ্ঠিত হলো। এর আগে ১৯ নভেম্বর নির্বাচন কমিশনের সংলাপে বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের সময় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি করার দাবি জানিয়েছিল।