নভেম্বর ২৭, ২০২৫, ০৬:৩১ পিএম
সম্প্রতি বাউল সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দেন বলে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের জানান প্রেসসচিব শফিকুল আলম।
প্রেসসচিব বলেন, "যারা বাউলদের ওপর হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশও এ বিষয়ে দ্রুতগতিতে কাজ করছে।"
বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়। প্রেসসচিব শফিকুল আলম মন্তব্য করেন, যে রোহিঙ্গা সংকট একসময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে গুরুত্ব হারিয়েছিল, তা এখন আবার সামনে আনা হয়েছে।
তিনি সমালোচনা করে বলেন, "সমাধানের বদলে শেখ হাসিনা নিজেকে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে উপস্থাপনে বেশি মনোযোগ দিয়েছেন। এতে বাস্তব কাজ হয়নি। বরং ইমেজ বিক্রির চেষ্টায় আসল সংকট আন্তর্জাতিক মহলের নজর থেকে সরে গেছে।"প্রেসসচিব বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কূটনৈতিক প্রচেষ্টা, আন্তর্জাতিক সম্মেলন এবং সরাসরি বৈশ্বিক যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গা ইস্যুকে আবারও আন্তর্জাতিক অগ্রাধিকার হিসেবে স্থাপন করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, কূটনৈতিক প্রক্রিয়ায় সময় লাগলেও ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতি হবে।
দেশজুড়ে ভবন নিরাপত্তা ও তদারকি দুর্বলতার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, যেভাবে অননুমোদিত স্থাপনা ধরা পড়ছে, তাতে বোঝা যায় তদারকি ব্যবস্থা কতটা দুর্বল ছিল। তিনি প্রধান উপদেষ্টার নির্দেশনা পুনর্ব্যক্ত করে বলেন, "অনুমোদন ছাড়া দেশের কোথাও কোনো বাড়ি বা ভবন নির্মাণ করা যাবে না।" সব সিটি করপোরেশনেই অনুমোদন প্রক্রিয়া ও নিয়মকানুন শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে তিনি জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন