ডিসেম্বর ৪, ২০২৫, ০৭:০২ পিএম
বিজয়ের মাস ডিসেম্বরে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে রাজধানীর শাহবাগে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’। আগামী ১০ ডিসেম্বর থেকে এই মেলা শুরু হবে, যা একটানা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির আল-মাহমুদ লেখক কর্ণারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে মেলার বিস্তারিত তথ্য জানানো হয়।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) যৌথ উদ্যোগে গঠিত বিজয় বইমেলা উদযাপন জাতীয় কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার স্টলগুলো পাঠক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১০ ডিসেম্বর বিকেলে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, এই আয়োজন কেবল বই কেনা-বেচার কোনো সাধারণ বাণিজ্যিক আয়োজন নয়; বরং এটি জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশ ও মননশীলতা তৈরির এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এবারের মেলায় দেশের প্রায় ২০০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। মেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে শিশুদের জন্য বিশেষ আয়োজন, মুক্তিযুদ্ধের তথ্যচিত্র প্রদর্শন, ঐতিহ্যবাহী সংগীতের অনুষ্ঠান এবং লেখক-পাঠকের সরাসরি মতবিনিময়ের সুযোগ রাখা হয়েছে, যার মাধ্যমে এটি বাঙালির প্রাণের উৎসব ও মিলনমেলায় পরিণত হবে।সংবাদ সম্মেলনে বাপুস দেশের প্রকাশনা শিল্প ও পাঠক সৃষ্টি নিয়ে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে। তারা বইকে শহরকেন্দ্রিক গণ্ডি থেকে বের করে দেশের গ্রামের ঘরে ঘরে এবং প্রতিটি শিক্ষাঙ্গনে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
এই বৃহত্তর লক্ষ্য বাস্তবায়নে তারা ২০২৬ সালে দেশের ৬৪টি জেলায় এবং বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে বইমেলা আয়োজনের সুদূরপ্রসারী ঘোষণা দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরতে ২০২৬ সালের মে মাসে ‘ইন্টারন্যাশনাল চিলড্রেনস বুক ফেয়ার’ এবং ‘সাউথ-ইস্ট এশিয়া ইন্টারন্যাশনাল বুক ফেয়ার’ আয়োজনের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজয় বইমেলা উদ্যাপন জাতীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও গ্রন্থিক প্রকাশনের প্রকাশক রাজ্জাক রুবেল এবং সভায় সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়কারী জনাব আবুল বাশার ফিরোজ। এ সময় সহ-সমন্বয়ক কাউছার আহম্মেদসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন