ডিসেম্বর ৭, ২০২৫, ০৪:৩২ পিএম
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (৭ ডিসেম্বর) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
দুদকের অভিযোগে বলা হয়েছে, মো. আবদুল হামিদ রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় নিজের ব্যক্তিগত মালিকানাধীন বাড়ির সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জার নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা অপচয় করেছেন।
এ অভিযোগের বিষয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, "দুদক একটি স্বাধীন সংস্থা। দেশের কারো পদ-পদবী বিবেচনায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয় না। অভিযোগের সত্যতা ও বস্তুনিষ্ঠতাই দুদকের প্রধান বিবেচনা।"
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে তিনতলা ডুপ্লেক্স বাড়িটির মালিক সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবন ছেড়ে ওই বাড়িতে গিয়ে ওঠেন।
এর আগে তিনি রাষ্ট্রের এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে বাড়িটির আশেপাশে বিভিন্ন ধরনের কাজ করেন। রাষ্ট্রের এ বিপুল পরিমাণ অর্থ অপচয়ে তার হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। জাতীয় রাজনীতিতে এই অনুসন্ধান একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন