সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে: নির্বাচন কমিশনার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ০৫:৩৬ পিএম

নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে: নির্বাচন কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রি. জে অব. আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে নির্বাচনের কাজে প্রয়োজনীয় ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে বলে জানান তিনি।

আজ রোববার (৭ ডিসেম্বর) ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে।

তফসিল উপলক্ষে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করার জন্য বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে। তফসিলকে ঘিরে ইসির আরও কিছু সিদ্ধান্ত নিচে তুলে ধরা হলো:আদর্শ আচরণবিধি: তফসিল ঘোষণার পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ।পোস্টার অপসারণ: তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে পোস্টার অপসারণের জন্য, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ম্যাজিস্ট্রেট মোতায়েন: তফসিল ঘোষণার দিন থেকে আচরণবিধি প্রতিপালনের জন্য প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। ভোটের পাঁচ দিন আগে এই সংখ্যা বাড়ানো হবে।ব্যালট পৌঁছানো: ভোটের আগের রাতেই ব্যালট পৌঁছে যাবে ভোটকেন্দ্রে।প্রবাসী ভোটার: প্রবাসী ভোটারদের জন্য সোমবার থেকে ব্যালট ছাপানো হচ্ছে।ভোট গ্রহণ কর্মকর্তা: প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে সরকারি, আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নেওয়া হবে। বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের এই মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

উপদেষ্টা পরিষদের সদস্য: নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে ভোট করতে পারবে না। আইন যাদের পারমিট করবে তারাই নির্বাচনে অংশ নিতে পারবে।সারাদেশের রাজনীতিতে এই সিদ্ধান্তগুলো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করছে নির্বাচন কমিশন।