ডিসেম্বর ৯, ২০২৫, ০৬:০৯ পিএম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে বহাল থেকে কেউ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না, এমনকি ভোটের প্রচারেও অংশ নেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনার বলেন, গত কিছুদিন ধরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ নির্বাচনে অংশ নিতে পারেন বলে যে আলোচনা চলছিল, সে বিষয়ে নির্বাচন কমিশন আইনি অবস্থান স্পষ্ট করছে।
তিনি জানান, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, সরকারের কোনো পদে থেকে নির্বাচনী প্রচার করা যাবে না। আর প্রচার করতে না পারলে প্রার্থী হিসেবে নির্বাচন করাও সম্ভব হবে না।
কাজেই, সরকারের কোনো পদে বহাল থেকে কেউ প্রার্থী হতে পারবেন না। এই বক্তব্যের মধ্য দিয়ে ইসি ইঙ্গিত দিল যে, উপদেষ্টাদের মধ্যে কেউ যদি প্রার্থী হতে চান, তাহলে তাঁকে অবশ্যই তপশিল ঘোষণার প্রাক্কালে সরকার থেকে পদত্যাগ করতে হবে।এদিকে, নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসি আনোয়ারুল ইসলাম জানান, কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন। তপশিল ঘোষণা এখন সময়ের অপেক্ষা মাত্র। তিনি বলেন, তপশিলের জন্য যে প্রস্তুতি প্রয়োজন, তার সবটুকুই নির্বাচন কমিশন গ্রহণ করে রেখেছে। আসন বিন্যাস, আইন অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারদের প্রজ্ঞাপন, মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ।
ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি নিয়োগ, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল গঠন এবং আইনশৃঙ্খলার সেল গঠনের ফরমেটসহ প্রায় বিশটির মতো পরিপত্র জারি করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।অন্যদিকে, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ আরও বলেন, তপশিল ঘোষণার পূর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয়। আনুষ্ঠানিকভাবে সকলের জন্য সমান সুযোগ বা 'লেভেল প্লেয়িং ফিল্ড' সৃষ্টির দায়িত্ব আসবে তপশিল ঘোষণার পর। তিনি আরও নিশ্চিত করেন যে, চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন