ডিসেম্বর ১১, ২০২৫, ০৪:০৫ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়। এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে কঠোর অবস্থান নিল।
চিঠিতে ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তপশিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে দেশের প্রতি উপজেলা/থানায় কমপক্ষে ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয় চিঠিতে। এর অর্থ হলো, আজ সন্ধ্যায় তপশিল ঘোষণার পরই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে নামার প্রস্তুতি নেবেন।
এদিকে, আজ সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি তার ভাষণে ভোটের রোডম্যাপ তুলে ধরবেন। গতকাল বুধবার বিকেলে তার এই ভাষণ রেকর্ড করা হয়েছে। সে হিসেবে আগামীকাল শুক্রবার থেকেই সারাদেশে আচরণবিধি প্রতিপালনে মাঠে নামবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন