রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রিজওয়ানা হাসান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৫, ০৯:১৬ পিএম

নতুন যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের পর তাদের দায়িত্বে থাকা মন্ত্রণালয়গুলো পুনর্বণ্টন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারির পর মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রকাশ করেছে। এই রদবদলের মাধ্যমে উপদেষ্টা পরিষদের দায়িত্বের বিন্যাসে পরিবর্তন এলো।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্যমতে, দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে।

এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মাহফুজ আলম। এর ফলে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান তার পূর্বের মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি এখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আসিফ মাহমুদ।

তার দায়িত্বে থাকা মন্ত্রণালয়গুলোর পুনর্বণ্টন সংক্রান্ত বিস্তারিত তথ্য গেজেটে উল্লেখ করা হয়েছে। এই পুনর্বণ্টন নির্বাচনী তপশিল ঘোষণার পরপরই এলো, যা অন্তর্বর্তী সরকারের স্বাভাবিক কার্যক্রমকে সচল রাখতে নেওয়া একটি পদক্ষেপ।