ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:৫৫ এএম
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনার নেমপ্লেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন প্যারাট্রুপাররা। আজ সোমবার (১৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
ঘোষণায় বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন।
এই ৫৪ জনের শেষ ৬ জন প্যারাট্রুপার তাদের পোশাকে নিজেদের নেমপ্লেটের পরিবর্তে সুদানের ইউএন ঘাঁটিতে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের নেমপ্লেট পরে প্যারাট্রুপিং করবেন।
এদিকে বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। শহীদ বেদি, স্তম্ভ এবং হাঁটার পথে নতুন করে রং-তুলির আঁচড় দেওয়া হয়েছে। লেক সংস্কার করে সেখানে নতুন পানিতে লাল শাপলা স্থাপন করা হয়েছে। চত্বরজুড়ে লাল, নীল, বেগুনি, হলুদ ও সাদা ফুলের গাছ রোপণ করা হয়েছে।জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান আনু জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরা ও এলইডি লাইট স্থাপনসহ সব আনুষঙ্গিক কাজ সম্পন্ন হয়েছে।
বিজয় দিবসের ভোরে:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস,
উপদেষ্টা পরিষদের সদস্য,
কূটনৈতিক কোরের ডিন এবং
যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা
প্রথমে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পুষ্পস্তবক অর্পণের সময় সাধারণ জনগণের প্রবেশ সীমিত থাকবে। এরপর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করা হবে।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সাভারের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ট্রাফিকব্যবস্থা জোরদার করা হয়েছে। পোশাক ও সাদা পোশাকে চার হাজারের বেশি ফোর্স দায়িত্বে থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন