ডিসেম্বর ১৬, ২০২৫, ০৯:২৪ পিএম
আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল বলে অভিযোগ তুলে, সেই অপশাসনে দোসর হিসেবে কাজ করা আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটকে নিষিদ্ধের দাবিতে আইনি নোটিস দিয়েছে জুলাই ঐক্য।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জুলাই ঐক্যের পক্ষে নোটিসটি দিয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ (বোরহান মাহমুদ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৮ সালে সরকার গঠনের পর থেকে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করতে থাকে, যার চূড়ান্ত রূপ ছিল ২০১৪ সালে বিনা ভোটে ক্ষমতায় আসা।
দীর্ঘ এই অপশাসনে জাতীয় পার্টিসহ আরও বেশ কয়েকটি দল (১৪ দলীয় জোট) আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে।২০২৪ সালের ৫ আগস্ট (৩৬ জুলাই) ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও, পরিবর্তিত বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা আবার নতুন করে ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের অন্যান্য দলকে নিষিদ্ধের দাবি ছিল।
তবে সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও প্রথমসারির জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার পর এই দাবি আরও জোরাল হয়েছে বলে জুলাই ঐক্য জানিয়েছে।জুলাই ঐক্য হলো গণঅভ্যুত্থানের পক্ষে থাকা অন্তত ৩৬টি দল ও সংগঠনের জোট। এই নোটিসটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন