বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

সিঙ্গাপুর থেকে হাদির মরদেহ দেশে আনার সকল প্রস্তুতি সম্পন্ন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০১:৫৫ পিএম

সিঙ্গাপুর থেকে হাদির মরদেহ দেশে আনার সকল প্রস্তুতি সম্পন্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনার সকল আনুষ্ঠানিক প্রস্তুতি শেষ করা হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তাঁর নিথর দেহ বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়:বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট সিঙ্গাপুরের স্থানীয় সময় আজ বিকেল ৩টা ৫০ মিনিটে শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবে।

 সবকিছু ঠিক থাকলে ফ্লাইটটি আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সংগঠনটি আরও জানিয়েছে, বাংলাদেশে হাদির প্রথম জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বস্তরের মানুষকে শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে রাজধানীর পল্টনে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসা চলে।

অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত সোমবার (১৫ ডিসেম্বর) সরকারের তত্ত্বাবধানে তাঁকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।হাদির এই অকাল প্রয়াণে আজ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মরদেহ গ্রহণের জন্য বিমানবন্দর এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা জমায়েত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।