ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:২৬ পিএম
দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতা, সংবাদপত্র কার্যালয়ে হামলা এবং ময়মনসিংহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় কঠোর অবস্থান ব্যক্ত করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে উগ্র গোষ্ঠীর নাশকতা রুখতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত রাখতে সকল নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের সময়ে কিছু বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
বিবৃতিতে বলা হয়:যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে—এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা আমরা কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারি না। আমরা সহিংসতা, ভীতি প্রদর্শন ও জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডের দ্ব্যর্থহীন নিন্দা জানাই।
বিবৃতিতে শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে বলা হয়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়, এটি একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। শহীদ হাদির স্মৃতির প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে দেশবাসীকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং ঘৃণা প্রত্যাখ্যান করতে হবে।দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে সরকার জানিয়েছে:সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা।
সন্ত্রাসের মুখেও আপনাদের সাহস জাতি প্রত্যক্ষ করেছে। আমরা আপনাদের পাশে আছি এবং পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দিচ্ছি।ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, "নতুন বাংলাদেশে এ ধরণের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।"সংকটময় এই মুহূর্তে সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান করে শহীদ হাদির আদর্শ অনুযায়ী দেশ পুনর্গঠনে অংশ নিতে প্রত্যেক নাগরিকের প্রতি বিনীত আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন