ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:৪৫ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি মৃত্যুর আগে প্রকাশ করেছিলেন তাঁর এক অনন্য ও আধ্যাত্মিক আকাঙ্ক্ষা। তাঁর মৃত্যুর পর ১৯ ডিসেম্বর দিবাগত রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা একটি পোস্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে।
যেখানে তিনি অত্যন্ত সাদামাটা জীবন ও শাহাদাতের তামান্না ব্যক্ত করেছেন।ভাইরাল হওয়া ওই পোস্টে একটি সাধারণ কফিনের ছবি যুক্ত করে হাদি লিখেছিলেন:হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে।
খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।তিনি মৃত্যুকে ভয় পাওয়ার মতো কিছু মনে করতেন না।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন:মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদের সন্তানরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি।হাদির এই পোস্ট এবং তাঁর জীবনবোধ নেটিজেনদের মধ্যে গভীর প্রভাব ফেলেছে। সাধারণ কফিনে ফেরার এই ইচ্ছা এবং আল্লাহর প্রতি তাঁর অবিচল বিশ্বাস মানুষের হৃদয়ে হাদির জন্য ভালোবাসাকে আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, তাঁর এই মানসিক দৃঢ়তাই তাঁকে জুলাই বিপ্লবের সম্মুখভাগের যোদ্ধায় পরিণত করেছিল।
ইনকিলাব মঞ্চের তথ্যমতে, আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শহীদ হাদির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রিয় নেতার নিথর দেহ বরণ করে নিতে বিমানবন্দরে ছাত্র-জনতার ব্যাপক জমায়েতের সম্ভাবনা রয়েছে।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান এই বিপ্লবী নেতা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন