রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এবার দিল্লির বিবৃতির পাল্টা জবাব দিলো ঢাকা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ১০:২৩ পিএম

এবার দিল্লির বিবৃতির পাল্টা জবাব দিলো ঢাকা

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শনিবার রাতের বিক্ষোভ ও নিরাপত্তা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ‘বিভ্রান্তিকর প্রচার’ সংক্রান্ত বক্তব্যকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক কড়া বিবৃতিতে ভারতের এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পাল্টা জবাব দেয়।

বিবৃতিতে বলা হয়েছে, হাইকমিশনে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে কেবল বিভ্রান্তিকর প্রচার হিসেবে চালিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে যে অযৌক্তিক ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। দুর্বৃত্তদের হাইকমিশনের ঠিক বাইরে কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছিল।

যা কমপ্লেক্সের অভ্যন্তরে থাকা কর্মকর্তাদের পরিবার ও কর্মীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করে। উদ্বেগ প্রকাশ করে ঢাকা আরও জানায়, এই বিক্ষোভ সম্পর্কে হাইকমিশনকে আগে থেকে কোনো তথ্যও দেওয়া হয়নি। ভারত সরকারের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও ভিয়েনা কনভেনশন অনুযায়ী মিশনের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের দায়িত্ব।বিবৃতিতে বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগেরও কড়া সমালোচনা করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একজন নাগরিকের ওপর বিচ্ছিন্ন একটি হামলাকে ‘সংখ্যালঘুদের ওপর হামলা’ হিসেবে চিত্রিত করার ভারতীয় প্রচেষ্টাকে বাংলাদেশ প্রত্যাখ্যান করছে। কেননা, ময়মনসিংহের ওই ঘটনায় জড়িত সন্দেহভাজনদের দ্রুততম সময়ে গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করেছে যে, বাংলাদেশের আন্তঃসম্প্রদায় সম্প্রীতি ও অবস্থা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ভালো। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, নিজ নিজ দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এ অঞ্চলের সব সরকারের দায়িত্ব। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সত্য ও বস্তুনিষ্ঠ পরিস্থিতি মূল্যায়নের আহ্বান জানিয়ে ভারতের প্রতি তাদের নিজ ভূখণ্ডে বাংলাদেশের কূটনৈতিক পোস্টগুলোর নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়েছে ঢাকা।