ডিসেম্বর ২১, ২০২৫, ১১:৪৭ পিএম
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরে অনুষ্ঠিত ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ দল। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে বাংলাদেশ ১টি স্বর্ণ, ৬টি ব্রোঞ্জ এবং ৪টি টেকনিক্যাল পদকসহ মোট ১১টি পদক জয় করেছে।
রোববার (২১ ডিসেম্বর) অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এসব পদক তুলে দেওয়া হয়।ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এবারের আসরে ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জয় করেছেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু। গত ১৭ থেকে ২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে এই বিশ্ব আসর অনুষ্ঠিত হয়।
ব্রোঞ্জ পদক বিজয়ীদের মধ্যে রয়েছেন নুসাইবা তাজরিন তানিশা (দুই ক্যাটাগরিতে), জুবাইদাহ জাফরিন, রিদোয়ান রাব্বানী, খোন্দকার মুশফিকুল ইসলাম এবং প্রিয়ন্তী দাস। অন্যদিকে, টেকনিক্যাল পদক অর্জন করেছেন মোহাম্মদ জারিফ বিন সালেক, নাফিয়া বাসার সুহানী, জাইমা যাহিন ওয়ারা এবং প্রিয়ন্তী দাস।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) তত্ত্বাবধানে দীর্ঘ বাছাই প্রক্রিয়া ও জাতীয় পর্বের পর পারফরম্যান্সের ভিত্তিতে এই আন্তর্জাতিক দল নির্বাচন করা হয়েছিল। তথ্যপ্রযুক্তির এই বিশ্বমঞ্চে বাংলাদেশের শিক্ষার্থীদের এমন সাফল্য দেশের বিজ্ঞান ও রোবোটিক্স শিক্ষায় এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন