রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:২৬ এএম

খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর সংবাদ শোনার পরপরই প্রধান উপদেষ্টা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আজ সকাল ১০টায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। এই বৈঠকে মরহুমার জানাজার সময়সূচি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন এবং রাষ্ট্রীয় শোক ঘোষণার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের নেওয়া এই সিদ্ধান্তগুলো পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে সমন্বয় করে দেশবাসীকে জানানো হবে।

হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি তাঁর এক পরম অভিভাবককে হারাল। তিনি ছিলেন গণতন্ত্রের আপসহীন আলোকবর্তিকা। প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকে মির্জা ফখরুলকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার ভোর ৬টায় যখন চিকিৎসকগণ খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন, তখন তাঁর শয্যাপাশে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। দীর্ঘ সময় ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই নেত্রীর প্রয়াণে পুরো হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক পালনের সময়সীমা এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য আজ দুপুরের মধ্যেই প্রকাশ করা হতে পারে।