বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার জানাজা ঘিরে রাজধানীতে যান চলাচল সীমিত, বন্ধ বেশ কিছু সড়ক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:১৪ এএম

খালেদা জিয়ার জানাজা ঘিরে রাজধানীতে যান চলাচল সীমিত, বন্ধ বেশ কিছু সড়ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

এই জানাজায় মানুষের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়কে যানবাহন চলাচল বন্ধ ও সীমিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ সকাল ৮টা থেকেই এই নির্দেশনা কার্যকর হয়েছে ডিএমপি জানিয়েছে, জানাজাস্থল ও এর আশপাশ খালি রাখার জন্য ফার্মগেট পুলিশ বক্স ক্রসিং, ইন্দিরা রোড ক্রসিং, বিজয় সরণি।

উড়োজাহাজ ক্রসিং, আসাদগেট, রাপা প্লাজা এবং গণভবন ক্রসিং দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড র‍্যাম্প দিয়ে নামা বন্ধ থাকবে; যাতায়াতের জন্য এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

১. মিরপুর থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী: মানিক মিয়া এভিনিউ এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে। ২. বনানী-মহাখালী থেকে মতিঝিলগামী: জাহাঙ্গীরগেট-ফার্মগেট এড়িয়ে মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে বলা হয়েছে। ৩. মিরপুর থেকে মতিঝিলগামী: শ্যামলী থেকে বামে মোড় নিয়ে আগারগাঁও-জাহাঙ্গীরগেট-মহাখালী-মগবাজার হয়ে চলাচল করতে হবে। ৪. সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট: এই রুটে যান চলাচল সীমিত থাকবে। কাজী নজরুল ইসলাম এভিনিউ যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

জানাজায় আগতদের শৃঙ্খলা রক্ষায় সুনির্দিষ্ট পার্কিং এলাকা নির্ধারণ করা হয়েছে:

ঢাকার যানবাহন: পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে হবে।

ঢাকার বাইরের যানবাহন: মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ, উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং পূর্বাচলের ৩০০ ফিট সার্ভিস রোডে পার্কিং করতে হবে।

আইএসপিআর জানিয়েছে, কলেজ গেট, আইডিবি ভবন ও বিজয় সরণি এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকলেও সর্বসাধারণের পায়ে হাঁটার পথ উন্মুক্ত থাকবে। জানাজা শেষ না হওয়া পর্যন্ত এই ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য ডিএমপি ও আইএসপিআর দুঃখ প্রকাশ করেছে।