শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

মনোনয়ন বাতিল হলে আপিল দায়ের করতে মানতে হবে ইসির যেসব নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০৪:৩০ পিএম

মনোনয়ন বাতিল হলে আপিল দায়ের করতে মানতে হবে ইসির যেসব নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ আজ রোববার (৪ জানুয়ারি) শেষ হচ্ছে। বাছাইয়ের এই প্রক্রিয়ায় রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের জন্য আপিল সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার ইসির জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসির বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বা গৃহীত হওয়ার আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানও চাইলে আপিল করতে পারবে।আপিল দায়েরের ক্ষেত্রে ইসির নির্দেশনাগুলো হলো: ১. আপিল আবেদন কমিশন সচিবালয়ের সচিবের নিকট নির্ধারিত ফরম্যাটে দায়ের করতে হবে। ২. আবেদনে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, কারণ সম্বলিত বিবৃতি এবং সংশ্লিষ্ট আদেশের সত্যায়িত কপি যুক্ত করতে হবে। ৩. আপিল আবেদনের ১টি মূল কপিসহ সর্বমোট ৭টি কপি জমা দিতে হবে। ৪. ইসির নির্ধারিত ১০টি প্রশাসনিক অঞ্চলের জন্য আলাদা আলাদা বুথে এই আবেদন জমা দিতে হবে।

৫. আপিল আবেদনের সময়সীমা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। ৬. আপিলের রায়ের কপি পাওয়ার জন্য নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হবে (ফরমটি কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে)। ৭. আপিলকারী নিজে অথবা তাঁর মনোনীত ব্যক্তি রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, দাখিলকৃত আপিলসমূহ আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিষ্পত্তি করা হবে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।পাশাপাশি, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ কঠোরভাবে অনুসরণ করতে সব প্রার্থী, রাজনৈতিক দল এবং সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্দেশ দিয়েছে কমিশন।