বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ছাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ১০:৫০ এএম

ছাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩

রাজধানীর তেজগাঁও এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় বড়সড় সাফল্য পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া প্রধান শুটার ও পরিকল্পনাকারীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ এবং গাজীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিবির একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা কারা? ডিবির ওই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডের প্রধান শুটার ‘জিনাত’ এবং সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী ‘বিল্লাল’।

গ্রেপ্তার হওয়া তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী হিসেবে কাজ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তিগত সহায়তায় শুটার ও পরিকল্পনাকারীর অবস্থান শনাক্ত করে ডিবি। এরপর মানিকগঞ্জ ও গাজীপুরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাদের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের মূল মোটিভ এবং এর পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা বের করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের তেজতুরি বাজার এলাকার স্টার হোটেলের গলিতে একদল সন্ত্রাসী আজিজুর রহমান মুছাব্বিরকে (৪৫) লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান। নিহত মুছাব্বির স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে এবং পুলিশের প্রাথমিক তদন্তে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির বিষয়টি উঠে এসেছিল। প্রধান শুটার গ্রেপ্তারের ফলে এই হত্যাকাণ্ডের জট দ্রুত খুলবে বলে আশা করছেন তদন্তসংশ্লিষ্টরা।