রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইসিতে আপিল শুনানি চলছে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ১১:১৫ এএম

ইসিতে আপিল শুনানি চলছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক কিন্তু যাচাই-বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের শেষ ভরসাস্থল এখন নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আজ থেকে শুরু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই শুনানি কার্যক্রম শুরু হয়। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত ক্রমিক নম্বর অনুযায়ী শুনানি অনুষ্ঠিত হবে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে।

তারিখ ও আপিল নম্বর বিভাজন:

১০ জানুয়ারি (আজ): ১ থেকে ৭০ নম্বর আপিল

১১ জানুয়ারি: ৭১ থেকে ১৪০

১২ জানুয়ারি: ১৪১ থেকে ২১০

১৩ জানুয়ারি: ২১১ থেকে ২৮০

১৪ জানুয়ারি: ২৮১ থেকে ৩৫০

১৫ জানুয়ারি: ৩৫১ থেকে ৪২০

১৬ জানুয়ারি: ৪২১ থেকে ৪৯০

১৭ জানুয়ারি: ৪৯১ থেকে ৫৬০

১৮ জানুয়ারি: ৫৬১ থেকে অবশিষ্ট সব আপিল

শুনানি শেষে তাৎক্ষণিকভাবে নির্বাচন ভবনের মনিটরে ফলাফল প্রদর্শন করা হবে। এছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও নির্ধারিত তারিখে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।

তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। কাঙ্ক্ষিত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।আপিল জমা দেওয়ার শেষ দিন ছিল শুক্রবার (৯ জানুয়ারি)। শেষ দিনেই রেকর্ড ১৭৬টি আপিল জমা পড়ে। এখন দেখার বিষয়, কতজন প্রার্থী শুনানির মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পান।