বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের ১১টি স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ০১:০৩ পিএম

২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের ১১টি স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

আসন্ন ২০২৬ সালের হজযাত্রীদের জন্য জরুরি স্বাস্থ্য নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, টিকা গ্রহণের পূর্বেই আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে।

এই পরীক্ষার রিপোর্ট এবং ই-হেলথ প্রোফাইলের ভিত্তিতেই হজযাত্রীদের টিকা ও স্বাস্থ্য সনদ প্রদান করা হবে।সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে প্রাথমিক নিবন্ধিত সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন।

সুস্থ ও নিরাপদ হজ পালনের লক্ষ্যে সব হজযাত্রীকে নিচের ৭টি পরীক্ষা করাতে হবে: ১. Urine R/M/E (প্রস্রাব পরীক্ষা) ২. Random Blood Sugar - RBS (রক্তের শর্করা পরীক্ষা) ৩. X-Ray Chest P/A view (বুকের এক্স-রে রিপোর্টসহ) ৪. ECG (ইসিজি রিপোর্টসহ) ৫. Serum Creatinine (কিডনি ফাংশন) ৬. Complete Blood Count - CBC with ESR (রক্তের পূর্ণাঙ্গ পরীক্ষা)

৭. Blood Grouping and Rh Typing (রক্তের গ্রুপ নির্ণয়)

যাদের আগে থেকেই দুরারোগ্য ব্যাধি বা দীর্ঘস্থায়ী অসুস্থতা রয়েছে, তাদের ক্ষেত্রে সাধারণ পরীক্ষার পাশাপাশি রোগভেদে নিচের পরীক্ষাগুলোও করতে হবে:

হৃদরোগ (Heart Disease): সন্দেহজনক হৃদপিণ্ডের অকৃতকার্যতার ক্ষেত্রে— Echocardiography।

কিডনি জটিলতা (Kidney Issue): Serum Creatinine এবং USG of KUB।

লিভার সমস্যা (Liver Issue): সন্দেহজনক লিভার সিরোসিসের ক্ষেত্রে— USG Whole abdomen এবং Endoscopy of upper GIT।

ফুসফুসের রোগ (Lung Disease): দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তকরণে— Sputum for AFB, CT Scan of chest, Serum bilirubin, SGPT, Albumin Globulin ratio।

স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টগুলো এবং ই-হেলথ প্রোফাইলের কপি নিয়ে নির্দিষ্ট টিকা কেন্দ্রে যেতে হবে। সেখানে মেডিকেল টিমের কাছে রিপোর্ট জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে এবং এরপরই মিলবে হজের জন্য অত্যাবশ্যকীয় ‘স্বাস্থ্য সনদ’।

যেকোনো তথ্য বা সহায়তার জন্য হজের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।