সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ১১:১৬ এএম

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

আসন্ন গণভোট সম্পর্কে জনমনে স্বচ্ছ ধারণা তৈরি এবং দেশজুড়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক কর্মসূচি শুরু করেছে সরকার। মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণভোটের বার্তা পৌঁছে দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত রোববার বরিশালে বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলনের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।বরিশালের ওই সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এবং মনির হায়দার গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য প্রদান করেন।

সরকার মূলত বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রমগুলো পরিচালনা করছে।

আগামী কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে সব বিভাগে এই কর্মসূচি বাস্তবায়িত হবে।সরকারের ঘোষিত সূচি অনুযায়ী, ১২ জানুয়ারি রাজশাহী, ১৪ জানুয়ারি রংপুর, ১৫ জানুয়ারি চট্টগ্রাম, ১৭ জানুয়ারি ঢাকা (সম্ভাব্য), ১৯ জানুয়ারি ময়মনসিংহ, ২২ জানুয়ারি সিলেট এবং ২৪ জানুয়ারি খুলনা বিভাগে এই মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হবে।

এসব সভায় জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জ্যেষ্ঠ শিক্ষক, সাংবাদিক নেতা, এনজিও প্রধান এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।মূলত ভোটারদের মধ্যে গণভোট নিয়ে আগ্রহ তৈরি এবং এর আইনি ও কাঠামোগত বিষয়গুলো স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। বিভিন্ন স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করার মাধ্যমে সরকার চায় একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোট নিশ্চিত করতে।