বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পুলিশি বাধার মুখে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ০২:৪৪ পিএম

পুলিশি বাধার মুখে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি, ১৪ দল এবং এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণকারী মোর্চা ‘জুলাই ঐক্য’।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে সংগঠনটি একটি বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের দিকে অগ্রসর হতে চাইলে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সামনে পুলিশ তাদের আটকে দেয়।

পুলিশের বাধার মুখে মিছিলটি এগোতে না পারলেও আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নেন। এ সময় তারা জাতীয় পার্টি ও ১৪ দলের নির্বাচন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

তাদের হাতে দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।পরে দুপুর ১টার পর জুলাই ঐক্যের একটি প্রতিনিধি দল পুলিশের অনুমতি নিয়ে নির্বাচন কমিশনের ভেতরে প্রবেশ করে এবং তাদের দাবিসম্বলিত স্মারকলিপি প্রদান করে। বাকি নেতাকর্মীরা ইসলামিক ফাউন্ডেশনের সামনেই অবস্থান কর্মসূচি পালন করেন।আন্দোলনকারীরা জানিয়েছেন, আজকের ‘মার্চ টু ইসি’ কর্মসূচির ধারাবাহিকতায় আগামীকাল ১৪ জানুয়ারি (বুধবার) দেশের সব বিভাগীয় শহরে বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মার্চ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।

জুলাই ঐক্যের এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পুলিশ, আনসার, র‍্যাব ও কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেখানে অবস্থান নেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।