রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৬, ০২:৫৮ পিএম

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সারা দেশের ৩০০ সংসদীয় আসন থেকে ৩০৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এখন চূড়ান্ত লড়াইয়ে অবশিষ্ঠ রয়েছেন এক হাজার ৯৬৭ জন প্রার্থী। 

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী বড় দলগুলোর মধ্যে বিএনপি ২৯০টি আসনে এবং জামায়াতে ইসলামী ২১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৯টি, জাতীয় পার্টি ১৯৬টি এবং গণঅধিকার পরিষদ ৯২টি আসনে তাদের প্রার্থী রেখেছে। 

এবারের নির্বাচনে তিন শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যাদের মধ্যে বড় একটি অংশ বিভিন্ন রাজনৈতিক দলের বিদ্রোহী নেতা হিসেবে পরিচিত।

 এমনকি নির্বাহী আদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকীও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকছেন। আজ বুধবার সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তারা বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার কাজ শুরু করেছেন। দলীয় প্রার্থীরা তাদের নিবন্ধিত প্রতীক পেলেও স্বতন্ত্র প্রার্থীরা লটারির মাধ্যমে তাদের পছন্দের প্রতীক বেছে নিচ্ছেন। প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। 

নির্বাচনী তফসিল অনুযায়ী এই প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। নির্বাচনের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি একই সাথে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে পৌনে ১৩ কোটি ভোটার ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন করা হচ্ছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে মোট কেন্দ্রের ৫৯ শতাংশই নিরাপত্তার দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া প্রথমবারের মতো ১৫ লাখের বেশি প্রবাসী ও নির্দিষ্ট শ্রেণির নাগরিক অনলাইনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে দেশবাসীকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।