রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘হ্যাঁ’ ভোটে স্বৈরাচার আর ফিরবে না: শফিকুল আলম

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৬, ০২:৪০ পিএম

‘হ্যাঁ’ ভোটে স্বৈরাচার আর ফিরবে না: শফিকুল আলম

সারা দেশে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের এক বিশাল জোয়ার তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন দেশের সাধারণ মানুষ এখন অনেক সচেতন এবং তারা জানে যে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই দেশে স্বৈরাচার, অনাচার ও অত্যাচারের পথ চিরতরে বন্ধ হবে। 

শুক্রবার সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বুচাই পাগলার মাজার পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

প্রেস সচিব বিশ্বাস করেন যে এই ভোটের মাধ্যমে নাগরিক অধিকার সুরক্ষিত হবে এবং দেশে একটি টেকসই ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যা দীর্ঘদিনের রাজনৈতিক সংকট নিরসনে ভূমিকা রাখবে।

মাজার পরিদর্শনের সময় শফিকুল আলম বলেন মানুষ বুঝে গেছে ‘হ্যাঁ’ ভোট দিলে ব্যাংকে রাখা টাকা যেমন নিরাপদ থাকবে তেমনি তাদের পরিবার-পরিজনের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত হবে। রাষ্ট্র এমন একটি পথে পরিচালিত হবে যেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন ভোট গ্রহণ নিয়ে কোনো সমস্যা হবে না তবে স্বচ্ছতা বজায় রাখতে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। তিনি জনগণকে শান্ত ও ধৈর্য ধরে এই ঐতিহাসিক ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান। 

প্রেস সচিবের মতে এই গণভোট বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি রক্ষাকবচ হিসেবে কাজ করবে।বুচাই পাগলার মাজারের গুরুত্ব তুলে ধরে শফিকুল আলম বলেন এটি কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। তিনি আক্ষেপ করে বলেন ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এই মাজারে যে ভাঙচুর চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। 

বাংলাদেশ অলি-আউলিয়াদের দেশ এবং তাদের হাত ধরেই এখানে ইসলাম এসেছে উল্লেখ করে তিনি বলেন কারো কোনো স্থান পছন্দ না হলে তিনি সেখানে না যেতে পারেন কিন্তু ভাঙচুর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান যে সরকার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং রাজনৈতিক দলগুলোকেও সাংবাদিকদের সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার অনুরোধ করেন। মাজার পরিদর্শনের সময় ধামরাইয়ের ইউএনও এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।