জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:১১ পিএম
জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’–এ সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হলেও রোববার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ প্রজ্ঞাপনটিতে চূড়ান্ত স্বাক্ষর করেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর ৯৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এই সংশোধনী আনা হয়েছে।সংশোধিত বিধিমালা অনুযায়ী, বিধির ১০ নম্বর ধারায় নতুন করে ‘ফরম-৭ক’ যুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিবন্ধন স্থগিত থাকা রাজনৈতিক দলগুলোর প্রতীক বাদ দিয়ে অন্যান্য সকল বৈধ প্রতীকের সমন্বয়ে পোস্টাল ব্যালট ‘ফরম-৭’ প্রস্তুত করা হবে। এছাড়া নির্দিষ্ট শ্রেণির ভোটারদের সুবিধার্থে ‘ফরম-৭ক’ নামে আলাদা একটি পোস্টাল ব্যালট ফরমের বিধান রাখা হয়েছে, যা নির্বাচনি ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনবে বলে মনে করছে ইসি।
নতুন নির্দেশনায় ভোটদানের পদ্ধতিও স্পষ্ট করা হয়েছে। ভোটাররা তাদের পছন্দের প্রতীকের পাশে নির্ধারিত ঘরে টিক (✓) অথবা ক্রস (×) চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালট প্রক্রিয়াকে আরও আধুনিক ও ত্রুটিমুক্ত করতেই এই বিধিমালায় সংশোধন আনা হয়েছে। বিশেষ করে প্রবাসে থাকা ভোটার এবং জরুরি সেবায় নিয়োজিতদের ভোটদান প্রক্রিয়া এই সংশোধনের ফলে আরও সহজতর হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন