রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ০৫:১৩ পিএম

নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশবাসীকে অভয় দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগেও বলেছি এখনও বলছি, নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নেই।’ মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

উপদেষ্টা স্পষ্টভাবে বলেন যে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। নির্বাচনের দিন ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচনকালীন যেকোনো অভিযোগ বা জরুরি সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি শক্তিশালী ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে।

 নাগরিকরা জরুরি প্রয়োজনে ০২-৪৭১১৮৭০০ থেকে ০২-৪৭১১৮৭০৩ নম্বরগুলোতে এবং হোয়াটসঅ্যাপে ০১৫৫০-০৬৪২২৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন। উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর বার্তা দিয়ে বলেছেন, নির্বাচনের সময় কোনো রাজনৈতিক দলের পক্ষ নেওয়া যাবে না। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো ‘বেআইনি’ বা ‘পক্ষপাতমূলক’ আদেশও পালন করা যাবে না। প্রশাসন ও পুলিশকে জনগণের আস্থার জায়গায় দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, শক্তি দিয়ে নয়, বরং সততা ও পেশাদারিত্ব দিয়ে শান্তি বজায় রাখতে হবে।

নির্বাচনি দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বিশেষ আচরণবিধি ঘোষণা করেছেন উপদেষ্টা। তিনি নির্দেশ দিয়েছেন যে, কোনো সদস্য যেন কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো প্রকার আর্থিক সুবিধা বা এমনকি খাবারও গ্রহণ না করেন। এছাড়া অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’ এর সর্বশেষ তথ্য দিয়ে তিনি জানান, গত ২৫ জানুয়ারি পর্যন্ত এই অভিযানে মোট ২২ হাজার ৪৬৪ জন অপরাধীকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের দমনে চেকপোস্ট ও টহলের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। সাংবাদিকদের তথ্য সংগ্রহে পূর্ণ সহযোগিতা প্রদান এবং পর্যবেক্ষকদের কাজ সহজ করতে রিটার্নিং কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।