সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ০৬:৪৫ পিএম

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা সেনানিবাসস্থ সেনাসদরে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল এই সাক্ষাতে অংশ নেয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে সেনাপ্রধান ও মার্কিন রাষ্ট্রদূত পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। 

এসময় তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলমান পেশাগত ও প্রতিরক্ষা সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি সেনাপ্রধানের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ।

উল্লেখ্য, ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গত ১০ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে বাংলাদেশে দেশটির ১৮তম রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন। এর আগে তিনি ২০১৯-২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেনাপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎকে দুই দেশের দ্বিপাক্ষিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদারের একটি ইতিবাচক ধাপ হিসেবে দেখা হচ্ছে।