সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৬, ০২:৫৩ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় এক ব্যতিক্রমী ও জনবান্ধব সিদ্ধান্ত নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এবার নির্বাচনে দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যরা কোনো ধরনের লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করবে না। শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান যে ভোটাররা যেন সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটিই বিজিবির প্রধান লক্ষ্য। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় বাহিনীর প্রতিটি সদস্য এই নীতি মেনে দায়িত্ব পালন করবে।

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তথ্য অনুযায়ী দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখে অভ্যন্তরীণ নিরাপত্তায় সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। 

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। ঝুঁকি ও গুরুত্ব বিবেচনায় সারা দেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল এবং স্ট্যাটিক ফোর্স হিসেবে সার্বক্ষণিক টহলে থাকবে। সাধারণ উপজেলাগুলোতে দুই থেকে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে তবে পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা বাড়ানো হতে পারে।সংবাদ সম্মেলনে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার আরও জানান যে নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। 

বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস এবং মেটাল ডিটেক্টরসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম ব্যবহার করবেন। এছাড়া দ্রুত সাড়া দেওয়ার জন্য কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং হেলিকপ্টার ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে এবং তল্লাশি কার্যক্রম জোরদার করতে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে। ঢাকা সেক্টরের অধীনে ১৩৪ প্লাটুন বিজিবি সদস্য ৯টি জেলা ও ৪টি সিটি করপোরেশনের ৫১টি আসনে ৪২টি অস্থায়ী বেস ক্যাম্প থেকে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

বর্তমানে দেশের নির্বাচনি পরিবেশ নিয়ে বিজিবির পক্ষ থেকে কোনো ধরনের বড় শঙ্কার কথা জানানো হয়নি। কর্নেল এস এম আবুল এহসান বলেন এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখা যাচ্ছে না তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সক্ষম। বিজিবির বেস ক্যাম্পগুলোর যোগাযোগ নম্বর জেলা রিটার্নিং কর্মকর্তাদের কাছে সরবরাহ করা হয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এছাড়া ভোটার ও প্রার্থীরা নির্বাচন কমিশনের সুরক্ষা অ্যাপের মাধ্যমেও সরাসরি অভিযোগ বা তথ্য দিতে পারবেন। মারণাস্ত্রহীন এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে আশা করছে বিজিবি।