ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৫৯ পিএম
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার নিশ্চিত করেছেন যে, মাঠ পর্যায়ে নির্বাচনি সরঞ্জাম পাঠানো থেকে শুরু করে নিরাপত্তা নিশ্চিতের সব ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, “এখন কেবল ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের পালা। আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সম্পূর্ণ প্রস্তুত।
ইসি সূত্রে জানা গেছে, দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১১৬টি আসনে ইতিমধ্যে ব্যালট পেপার পৌঁছে গেছে। বাকি আসনগুলোতে আগামীকাল ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যালট পৌঁছে দেওয়া হবে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আদালতের নির্দেশে শেষ মুহূর্তে কিছু প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ায় কিছু আসনে ব্যালট পুনর্মুদ্রণ করতে হয়েছে, যার ফলে পাঠাতে সামান্য বিলম্ব হলেও তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে।
এবার মোট ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যার মধ্যে ঝালকাঠি-১ আসনে সবচেয়ে কম এবং গাজীপুর-২ আসনে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন।নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে এবার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ১ লাখ সেনাসদস্যের পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মাঠে থাকবেন।
এছাড়া নির্বাচনি অপরাধ দমনে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১ হাজার ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে থাকবেন। ইসি কমিশনার আশা প্রকাশ করেছেন যে, উৎসবমুখর পরিবেশে এবার ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের আশেপাশে হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন