ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:১১ এএম
দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে টানা পাঁচ দিনের বড় ছুটি শুরু হতে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধর্মীয় উৎসব শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১১ ফেব্রুয়ারি বুধবার থেকে ১৫ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত সব ধরনের পাঠদান ও শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এটি ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দীর্ঘতম ছুটি হিসেবে গণ্য হচ্ছে।
অনেক শিক্ষার্থী ও অভিভাবক এই সুযোগে গ্রামের বাড়িতে ভোট দেওয়ার পাশাপাশি পারিবারিক সময় কাটানোর প্রস্তুতি নিচ্ছেন।ছুটির সময়সূচি বিশ্লেষণ করে দেখা যায়, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর পরপরই ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় নিয়মিত সাপ্তাহিক ছুটি পড়ছে। ছুটির শেষ দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি রবিবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে আগে থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথা রয়েছে।
সব মিলিয়ে টানা পাঁচ দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় অফিস-আদালত ও শিক্ষাঙ্গনে বিরাজ করবে ছুটির আমেজ।সরকারের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে যে এই ছুটির অন্যতম প্রধান লক্ষ্য হলো জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়াকে বিঘ্নহীন, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করা।
অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় এবং শিক্ষকদের একটি বড় অংশ নির্বাচনী ডিউটিতে নিয়োজিত থাকায় এই সময়ে পাঠদান কার্যক্রম সচল রাখা সম্ভব নয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এই নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য বলা হয়েছে। দীর্ঘ এই ছুটির পর আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার থেকে পুনরায় নিয়মিত পাঠদান শুরু হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন