ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:২১ পিএম
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই মাহেন্দ্রক্ষণে দেশবাসীকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোটের আগের দিন, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বাণীতে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা তার বাণীতে উল্লেখ করেন, এই নির্বাচন ও গণভোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায়। তিনি বলেন, “এটি শুধু একটি নির্বাচন বা সাংবিধানিক প্রক্রিয়া নয়; বরং দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।
দীর্ঘ সময় ভোটাধিকার বঞ্চিত জাতি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আত্মমর্যাদার ঘোষণা দিয়েছে, এই নির্বাচন তারই চূড়ান্ত প্রাতিষ্ঠানিক বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করেন যে, এবার দেশের বিপুল সংখ্যক তরুণ ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া অনেক পূর্ণবয়স্ক নাগরিকও দীর্ঘদিন পর প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাই এই দিনটিকে একটি আনন্দময়, শঙ্কামুক্ত ও উৎসবমুখর গণতান্ত্রিক অভিজ্ঞতায় পরিণত করা সবার নৈতিক দায়িত্ব।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে তিনি রাজনৈতিক দল ও প্রার্থীদের সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ করার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, গণভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্রকাঠামো ঠিক করবেন এবং সংসদ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রতিনিধি বেছে নিয়ে রাষ্ট্র পরিচালনায় অংশীদার হবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন