ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:৫৪ এএম
প্রশাসনিক কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে এবং সরকারের নীতি নির্ধারণী বিষয়ে আলোচনার জন্য আজ পররাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দায়িত্ব গ্রহণের পর চতুর্থ কার্যদিবসে আজ সকাল ৯টার দিকেই তিনি সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, দিনের শুরুতে তিনি দাপ্তরিক কাজ সারবেন এবং এরপর পর্যায়ক্রমে মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ছাড়াও বেশ কয়েকজন প্রতিমন্ত্রী এই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। বৈঠকে মূলত বৈদেশিক সম্পর্ক এবং মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে একটি বিশেষ বৈঠকে মিলিত হবেন।
সেখানে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন সরকার গঠনের পর বিদেশি কূটনীতিকদের সঙ্গে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি সৌজন্য সাক্ষাৎ হতে যাচ্ছে।উল্লেখ্য যে, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ নেওয়ার পর থেকেই তিনি প্রশাসনিক কর্মকাণ্ডে পূর্ণ মনোযোগ দিয়েছেন।
১৮ ফেব্রুয়ারি তিনি জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এরপর থেকেই তিনি নিয়মিত সচিবালয়ে অফিস করছেন। এমনকি প্রশাসনিক কাজের চাপ সামলাতে এবং দাপ্তরিক গতি বাড়াতে গত শনিবার ছুটির দিনেও তেজগাঁওস্থ কার্যালয়ে অফিস করেছেন তিনি। আজকের বৈঠকের মধ্য দিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে নতুন কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা আসতে পারে বলে মনে করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন