ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১২:১০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রোববার বেলা ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নবগঠিত সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এটি প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক সাক্ষাৎ।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
এর আগে সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে কাজ শুরু করেন। সেখানে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। সচিবালয়ে এটি প্রধানমন্ত্রীর চতুর্থ কার্যদিবসের শুরু। দিনব্যাপী তার একাধিক দাপ্তরিক কর্মসূচি এবং সভা নির্ধারিত রয়েছে।
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের পর বেলা ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সংক্রান্ত একটি বিশেষ পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।বিমানবন্দর সংক্রান্ত সভা শেষ করে দুপুর সাড়ে ১২টার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আরও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মূলত সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধি এবং উন্নয়ন প্রকল্পগুলোর তদারকি জোরদার করতেই এই ধারাবাহিক বৈঠকের আয়োজন করা হয়েছে। দেশের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে নিয়মিত সচিবালয়ে অফিস করছেন তারেক রহমান। এমনকি ছুটির দিনেও তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন, যা প্রশাসনের সর্বস্তরে নতুন কর্মচাঞ্চল্যের সৃষ্টি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন