সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মে মাস থেকে শুরু হচ্ছে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

জাতীয় ডেস্ক

মার্চ ৪, ২০২৬, ০১:৫০ পিএম

মে মাস থেকে শুরু হচ্ছে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ সংক্রান্ত সভা

আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এই বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় সরকারের এই বিশাল বনায়ন উদ্যোগের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান যে, আগামী মে মাস থেকেই সারাদেশে চারা রোপণের এই বিশাল কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে।

সরকার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই বনায়ন কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানিয়েছেন যে, গার্মেন্টস খাতের পর কার্বন ট্রেডিংকে দেশের অর্থনীতির দ্বিতীয় প্রধান স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। এ লক্ষ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি বড় ভিত্তি হিসেবে কাজ করবে।

সভায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দপ্তরের মধ্যে কাজের সমন্বয় বৃদ্ধি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব থেকে দেশ ও জনগণকে বাঁচাতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন যে, কেবল গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও দীর্ঘমেয়াদী সংরক্ষণ নিশ্চিত করতে হবে। 

প্রধানমন্ত্রী এই কর্মসূচিতে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানোর ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। গাছের সঠিক সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এবং জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। টেকসই উন্নয়ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার এই উদ্যোগকে সফল করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।