বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

জাতীয় ডেস্ক

মার্চ ৬, ২০২৬, ০৪:১১ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাতিল ফ্লাইটের তালিকা

মধ্যপ্রাচ্যে চলমান চরম যুদ্ধাবস্থার কারণে আকাশপথ অনিরাপদ হয়ে ওঠায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। আজ শুক্রবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের আরও ৩৩টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এ নিয়ে গত শনিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত গত সাত দিনে মোট ২৪৫টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটল। 

মূলত মধ্যপ্রাচ্যের একাধিক দেশ তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখায় আন্তর্জাতিক এয়ারলাইনসগুলো এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোর মধ্যে আবুধাবি, শারজা, দুবাই ও দোহাসহ কুয়েত ও দাম্মাম রুটের সব কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটগুলোতে কোনো বিমান চলাচল করবে না। তবে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাসকাট রুটের ফ্লাইটগুলো বর্তমানে সচল রয়েছে। এই স্থগিতাদেশের ফলে হাজার হাজার প্রবাসী এবং জরুরি প্রয়োজনে বিদেশগামী যাত্রীরা চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে পড়েছেন।

শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় কুয়েত এয়ারওয়েজের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং এমিরেটসের ৪টি ফ্লাইট রয়েছে। এছাড়া এয়ার অ্যারাবিয়ার ৬টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাই ও গালফ এয়ারের ২টি করে এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত সাত দিনের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় যে প্রতিদিনই ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে। 

গত শনিবার ২৩টি ফ্লাইট বাতিলের মাধ্যমে এই সংকটের শুরু হয়েছিল যা গত সোমবার সর্বোচ্চ ৪৬টিতে গিয়ে ঠেকেছিল। এয়ারলাইনস কর্তৃপক্ষ ও বিমানবন্দর সংশ্লিষ্টরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং যুদ্ধাবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আকাশপথ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে।