রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ ২২৫ এমপির প্রথম সংসদ অধিবেশন

জাতীয় ডেস্ক

মার্চ ১২, ২০২৬, ১০:১৪ এএম

প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ ২২৫ এমপির প্রথম সংসদ অধিবেশন

সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এবারের অধিবেশনে প্রধানমন্ত্রী হিসেবে সংসদ নেতা তারেক রহমান প্রথমবারের মতো সংসদে যোগ দিয়েছেন। তার এই অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে। 

এবারের সংসদে প্রধানমন্ত্রী ছাড়াও বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানসহ মোট ২২৫ জন নতুন সংসদ সদস্য রয়েছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের দ্বিতীয় প্রজন্মের সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের জন্য এটি একটি অনন্য মাইলফলক। 

এর আগে ১৯৯১ সালে তার মা বেগম খালেদা জিয়া প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য পদ লাভের মধ্য দিয়ে। 

নব্বইয়ের দশকে এরশাদবিরোধী আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ বিজয় এবং সরকার গঠনে তার সাংগঠনিক দক্ষতা ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল। ২০০২ সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার কাজ শুরু করেন। 

২০০৭ সালে বগুড়া থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হলেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই নির্বাচন বাতিল হয়। দীর্ঘ ১৮ মাস কারাবরণ এবং ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। আজকের এই অধিবেশনের মধ্য দিয়ে তিনি সরাসরি রাষ্ট্রীয় ও সংসদীয় কার্যক্রমে যুক্ত হলেন। নবীন ও প্রবীণ সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত এই সংসদ আগামী দিনে দেশের গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা আশা প্রকাশ করছেন।