এপ্রিল ৮, ২০২৬, ০৪:১৫ পিএম
রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, গত রবিবার থেকে এই মামলায় রিমান্ডে ছিলেন আফজাল নাছের। মেয়াদ শেষ হওয়ায় বুধবার তাকে পুনরায় আদালতে হাজির করা হয়।
মতিঝিল গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন তাকে আরও সাত দিন জিজ্ঞাসাবাদের আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আফজাল নাছেরের রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, এই আসামি বিগত সরকারের সহযোগী ও সুবিধাভোগী ছিলেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার নেপথ্যের তথ্য উদঘাটনের জন্য তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। তিনি আদালতে দাবি করেন, আফজাল নাছের কোনো অনৈতিক সুবিধা নেননি এবং এজাহারে নাম থাকা ছাড়া তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। ইতোমধ্যে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুরোধ জানান। তবে আদালত উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডের সিদ্ধান্ত বহাল রাখেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির একদফা দাবি আদায়ের কর্মসূচির আগে ৭ ডিসেম্বর নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। ওই সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে মকবুল হোসেন নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন মাহফুজুর রহমান।
উল্লেখ্য, গত ২৯ মার্চ গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর আগে জুলাই আন্দোলনে নিহত দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। মকবুল হত্যা মামলায় এটি তার দ্বিতীয় এবং সামগ্রিকভাবে তৃতীয় দফার রিমান্ড। বর্তমানে তাকে ডিবি পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন