এপ্রিল ২২, ২০২৬, ০৪:৩৫ পিএম
জাতীয় সংসদে অনির্ধারিত এক আলোচনায় সার ডিলারদের নিয়ে সরকারের অত্যন্ত কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনে বিগত ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের নিয়োগ বাতিল করে নতুন করে ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। মূলত সার সরবরাহে কৃত্রিম সংকট তৈরি রুখতে এবং কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে এই বিশেষ পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।
সংসদ নেতা তাঁর বক্তব্যে স্পষ্ট করেন যে, জনস্বার্থে কৃষিখাতকে দুর্নীতিমুক্ত রাখতে বর্তমান প্রশাসন বদ্ধপরিকর।ঘটনার সূত্রপাত হয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার ঠিক পরপরই।
চিফ হুইপ নুরুল ইসলাম ফ্লোর নিয়ে পয়েন্ট অব অর্ডারে অভিযোগ করেন যে, বিগত স্বৈরাচারী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সার ডিলাররা এখনো নিজ নিজ পদে বহাল তবিয়াতে রয়েছেন। তাঁর দাবি অনুযায়ী, ওই ডিলাররা ইচ্ছাকৃতভাবে সার উত্তোলন করছেন না এবং বাজারে সারের একটি কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছেন।
এই পরিস্থিতির দ্রুত অবসানে তিনি পুরনো ডিলারশিপ বাতিল করে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগের জন্য সংসদ নেতার প্রতি অনুরোধ জানান। চিফ হুইপের এই বক্তব্যের সময় উপস্থিত প্রায় সকল সংসদ সদস্য একযোগে টেবিল চাপড়িয়ে সমর্থন ব্যক্ত করেন।জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেহেতু পুরো সংসদ এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে এবং বিষয়টি জনস্বার্থের সঙ্গে জড়িত, তাই সরকার শিগগিরই এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি উল্লেখ করেন, কৃষকরা যাতে সময়মতো এবং সঠিক দামে সার পান সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ইতিমধ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট আমলের কোনো অসাধু চক্রকে কৃষিখাত নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে মাঠ পর্যায়ে সারের সরবরাহ ব্যবস্থা আরও স্বচ্ছ ও গতিশীল হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
এর আগে চিফ হুইপ তাঁর বক্তব্যে উল্লেখ করেছিলেন যে, ফ্যাসিস্টদের বিড়াড়িত করা না গেলে কৃষকদের প্রকৃত মুক্তি সম্ভব নয়। প্রধানমন্ত্রী তাঁর জবাবে এই মতকে স্বাগত জানান এবং দ্রুত ফাইল প্রসেসিং করে নতুন ডিলার নিয়োগের আশ্বাস দেন। সংসদের এই সিদ্ধান্তে সাধারণ কৃষকদের মাঝে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। মূলত সার সংকটের পেছনে থাকা রাজনৈতিক সিন্ডিকেট ভাঙতেই এই বড় ধরনের প্রশাসনিক সংস্কারের দিকে হাঁটছে বর্তমান সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখন প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন নীতিমালা তৈরির কাজ শুরু করবে বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন