বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ১০:৩১ এএম

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিশাল উন্নয়ন কর্মযজ্ঞের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রাজনৈতিক জনসভায় যোগ দিতে যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল সোয়া ১০টার দিকে তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম যশোর সফর, যা ঘিরে জেলাজুড়ে উৎসবের আমেজ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। 

এর আগে সকালে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেন।যশোর বিমানবন্দরে নামার পর প্রধানমন্ত্রী সরাসরি শার্শা উপজেলার উলাশীতে যান। সেখানে তিনি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং পরে একটি সুধী সমাবেশে ভাষণ দেবেন। 

উল্লেখ্য যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আলোচিত খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন এই উলাশী থেকেই। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা এই খালটি নতুন করে খননের উদ্যোগ স্থানীয় কৃষিজীবী মানুষের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই বিশাল কাজ সম্পন্ন হতে যাচ্ছে।

সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী সড়কপথে যশোর শহরে ফিরে আসবেন। দুপুর সোয়া ১টার দিকে শহরতলির বিলহরিণা এলাকায় যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার। এরপর তিনি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ পাঠাগার যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যাবেন। তালপাতার পাণ্ডুলিপিসহ প্রাচীন সংগ্রহে ঠাসা এই পাঠাগারটি পরিদর্শনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে।

দুপুরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসে অবস্থান করবেন। এরপর বেলা সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যশোর এখন মিছিলের শহরে পরিণত হয়েছে। জেলা বিএনপির শীর্ষ নেতারা আশা করছেন, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। জনসভা শেষে তিনি যশোর ক্লাব পরিদর্শন করবেন এবং স্থানীয় দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে বিকেলেই ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর নির্বিঘ্ন করতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পুরো শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ সরাসরি কর্মসূচিস্থলগুলোর তদারকি করছে। এছাড়া জেলা পুলিশ ও র‍্যাবের বিশেষ দল মোতায়েন করা হয়েছে বিভিন্ন পয়েন্টে। বিশেষ করে উলাশীতে র‍্যাবের ডগ স্কোয়াডের তল্লাশি ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে। 

প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রকৌশলীরা জানিয়েছেন, সব কটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য মাঠ পর্যায়ে সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে নতুন এক গতিবেগ সৃষ্টি হবে।