শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকারীদের প্রশ্রয় দেবেন না: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০৯:০১ পিএম

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকারীদের প্রশ্রয় দেবেন না: প্রধানমন্ত্রী

উলসী খাল পুনঃখননের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী।

রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল এখন গণভোটকে ভিন্ন পথে পরিচালিত এবং দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

সোমবার দুপুরে যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলসী খালের পাড়ে পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা ব্যর্থ হলে জনগণের জন্য নেওয়া সব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যাঘাত সৃষ্টি করবে। তিনি উল্লেখ করেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা গ্রামে পৌঁছে দেওয়ার মতো কর্মসূচিগুলো বাধাগ্রস্ত করার চেষ্টা হতে পারে।

দেশের অগ্রগতি রক্ষায় জনগণকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ ধাপে ধাপে এবং সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে।৫ আগস্টের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, জনগণ ইতিমধ্যেই প্রমাণ করেছে যে তারা তাদের ইচ্ছাকে উপেক্ষা করার চেষ্টা মেনে নেয় না। অতীতে যেভাবে জনগণ উপযুক্ত জবাব দিয়েছে, ভবিষ্যতেও কেউ তাদের ভাগ্য নিয়ে খেলতে চাইলে একইভাবে জবাব পাবে।

নারী শিক্ষার প্রসারে নতুন ঘোষণার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগে মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি ছিল। এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মেয়েদের পড়ালেখার ব্যবস্থা ডিগ্রি পর্যন্ত বিনা মূল্যে করা হবে। একই সাথে মেধাবী ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও থাকবে।

উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে দেশ গঠনের কাজে লাগাতে হবে। সিঙ্গাপুরের উদাহরণ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে সিঙ্গাপুরের অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ ছিল, কিন্তু তারা পারলে বাংলাদেশও পারবে। আন্দোলনের নামে অতীতে অর্থনীতি ধ্বংসের চেষ্টার সমালোচনা করে তিনি জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

এর আগে বেলা ১১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শার্শায় তার বাবা জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলসী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কাটেন এবং খালের পাড়ে বৃক্ষরোপণ করেন। উল্লেখ্য, ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমে এই খালটি খনন করেছিলেন। প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখনন হলে ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং প্রায় চৌদ্দ শ টন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।