শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ১০:১২ এএম

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানের শর্তে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সংশ্লিষ্ট বছরে সব শর্ত পূরণ না হলেও বিশেষ অর্জনের জন্য সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস দেওয়ার সুযোগ রাখা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি-২) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, কোনো বছরে ব্যাংকের উল্লেখযোগ্য কোনো সাফল্য থাকলে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ এই বোনাস অনুমোদন করতে পারবে। তবে বোনাস প্রদানের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত অবশ্যই পালন করতে হবে। 

সংশ্লিষ্ট ব্যাংককে ওই বছরে অবশ্যই পরিচালন মুনাফা করতে হবে এবং প্রতিষ্ঠানের মূলধন আগের বছরের তুলনায় কমে যাওয়া যাবে না। এ ছাড়া নতুন করে কোনো সঞ্চিতি বিলম্ব বা প্রভিশন ডেফারাল সুবিধার জন্য আবেদন করা যাবে না।

বাংলাদেশ ব্যাংকের মতে, এই সিদ্ধান্তের ফলে ব্যাংক কর্মকর্তাদের কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়বে। একই সঙ্গে এটি ব্যাংকিং খাতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতেও ভূমিকা রাখবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনায় উৎসাহ বোনাস সংক্রান্ত আগের অন্যান্য শর্তগুলো অপরিবর্তিত রাখা হয়েছে।

সংশোধিত ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে এই চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার থেকেই এই নতুন নির্দেশনা কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।