বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ কর্মপরিকল্পনা

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৭:৪৬ পিএম

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ কর্মপরিকল্পনা

গ্রিন ঢাকা গড়তে সরকারের পরিকল্পনা।

রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের অধীনে দুই সিটি করপোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধির জন্য সাপ্তাহিক ভিত্তিতে কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান জোরদার করা হয়েছে। 

সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলোকে ল্যান্ডস্কেপিং ও গ্রাফিতির মাধ্যমে আধুনিকায়ন করা হচ্ছে। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোরিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতুয়াইল ল্যান্ডফিলকে বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সবুজায়ন প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন আগামী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিশেষ করে মেট্রোরেলের নিচের খালি অংশ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের জায়গায় বৃক্ষরোপণ করা হবে। এছাড়া নগর বনায়নের লক্ষ্যে ‘মিয়াওয়াকি ফরেস্ট’ এবং রোড মিডিয়ানগুলোতে সবুজে আবৃত করার কাজ চলমান রয়েছে। নদী ও খালের পাড়ে ইতোমধ্যে ৪১ হাজারেরও বেশি ফলদ ও বনজ চারা রোপণ করা হয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ সমন্বিতভাবে ২৫০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নিচ্ছে। বিশ্বব্যাংকের সহায়তায় দূষণের উৎস চিহ্নিত করে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন ও নির্মাণ সামগ্রী দ্বারা দূষণ রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকার চারদিকের অবৈধ ইটভাটা বন্ধে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে সেখানে খোলা জায়গায় বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকার নদী ও জলাশয় রক্ষায় তরল বর্জ্য নির্গমনকারী প্রতিষ্ঠানগুলোতে ইটিপি স্থাপন বাধ্যতামূলক করেছে সরকার। ইতোমধ্যে ২৪৮টি প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন করা হয়েছে এবং এগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে রিয়েল-টাইম ক্যামেরা লাগানো হচ্ছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যাসহ চারটি নদীর এবং ১৯টি প্রধান খালের দূষণের উৎস নির্ধারণ করা হয়েছে। আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকাকে সম্পূর্ণ সবুজে আচ্ছাদিত করার পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।