এপ্রিল ৩০, ২০২৬, ০৮:৪১ পিএম
সংস্কারের বাহানায় নির্বাচন না হওয়ার আশঙ্কায় সব কিছুতে আপস করে জুলাই জাতীয় সনদে সই করেছেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচনের স্বার্থে তারা অনেক কথা বলেননি এবং একটি তাগাদা ছিল যে সংস্কারের অজুহাতে নির্বাচন যেন আটকে না যায়।
সালাহউদ্দিন আহমদ জুলাই বাস্তবায়ন আদেশের প্রসঙ্গ টেনে বলেন, যখন অসাংবিধানিক ও সংবিধান বহির্ভূত আদেশ জারি করা হয়েছিল, তখন বিএনপির স্থায়ী কমিটি গুলশানে সংবাদ সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে তারা জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে রাজি নয়। তিনি উল্লেখ করেন যে এই বক্তব্যের ভিডিও এবং রেকর্ড সব জায়গায় সংরক্ষিত আছে।
সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বাক-ব্যক্তির স্বাধীনতার নামে অপপ্রচারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, স্বাধীনতার নামে প্রধানমন্ত্রীর স্ত্রী-কন্যাকে জড়িয়ে যেভাবে কুৎসিত কলঙ্কিত ধারা চলছে, তা বন্ধ না হলে জাতি বেশি দূর এগোতে পারবে না।
এটি দেশের কালচার এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে বলে তিনি মনে করেন।জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে তিনি নবীন বন্ধুদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একাত্তরের চেতনা বিক্রি করতে করতে একটি দল নিঃশেষ হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা যেন জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ব্যবসা হিসেবে ব্যবহার না করি। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিল, সবাই এই কৃতিত্বের ভাগীদার। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়কালের নির্যাতন ও লুটপাটের কাহিনী যেন আমরা ভুলে না যাই।
বিরোধী দলের ছায়ামন্ত্রী সভার উদ্যোগকে অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতে দায়িত্ববোধ বাড়ে। তিনি বিরোধী দলের শ্যাডো হোম মিনিস্টারের সঙ্গে তথ্য বিনিময় ও যোগাযোগের আগ্রহ প্রকাশ করেন। জামায়াতের ব্যাংক মালিকানা নিয়ে বিতর্কের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ব্যাংক থাকা ভালো কিন্তু দুষ্টু লোকেরা কত শতাংশ শেয়ার কার আছে তা নিয়ে প্রশ্ন তোলে। অন্তর্বর্তী সরকারের সময়ে বা আওয়ামী লীগের সময়—ব্যাংক দখলের স্টাইল ভিন্ন ছিল বলে তিনি মন্তব্য করেন।
সংস্কার কমিশনের বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, বিদেশ থেকে কিছু বড়ভাই অলৌকিক সংস্কার নিয়ে অবতরণ করেছিলেন। তাদের সাথে আলোচনা করেই এই জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে। ৭০ অনুচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দিনই ঠিক হয়েছিল যে নোট অব ডিসেন্ট সহকারে এই সনদ প্রণীত হবে এবং সেভাবেই স্বাক্ষর হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত সরকারবিহীন অবস্থায় রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা পালন করার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান সালাহউদ্দিন আহমদ। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, আগে যা ভালো ছিল, তা হঠাৎ করে মন্দ হলো কীভাবে—এই স্ববিরোধিতা এড়িয়ে চলা উচিত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন