মে ৪, ২০২৬, ০৩:১২ পিএম
সারা দেশে অবৈধ অস্ত্র, মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী।
তিনি বলেন, চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বা অপরাধী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের পরিচয় যাই হোক, ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।
পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে পুলিশ বাহিনীর মধ্যে যে পোশাক প্রচলিত আছে, তা নিয়ে কেউ সন্তুষ্ট নন। পোশাকটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়নি এবং এটি পুলিশের আবেদনের প্রেক্ষিতে পরিবর্তনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। তিনি আরও বলেন, শুদ্ধ বাংলায় বর্তমান পোশাকটি মানানসই নয়।
রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ক্যাম্পের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ অভিযান পরিচালনার পদ্ধতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নীতিনির্ধারণী আলোচনা হয়েছে। ক্যাম্পগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি সংসদ অধিবেশন নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, এবারের সংসদ অধিবেশন ছিল ইতিহাসের অন্যতম সফল একটি অধিবেশন। কোনো প্রকার বিতর্ক ছাড়াই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এটি সম্পন্ন হয়েছে। সরকারি ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক আলোচনার মাধ্যমে এটি একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে তিনি মন্তব্য করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন