রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ

জাতীয় ডেস্ক

মে ৫, ২০২৬, ১০:৫৮ এএম

নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ

এমপি হলেন নুসরাত

মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। তিনি জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপির যুগ্ম আহ্বায়ক।নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গতকাল নুসরাত তাবাসসুমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছিল এবং আজ তার নামে গেজেট প্রকাশ করা হয়েছে।এর আগে সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় জামায়াত জোটের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। 

এরপর গত ২১ এপ্রিল নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে তা প্রাথমিকভাবে গ্রহণ করা হয়নি। পরে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র যাচাই-বাছাই করে গত ২ মে বৈধ ঘোষণা করে।

প্রার্থিতা ফিরে পেতে মনিরা শারমিনও আদালতে রিট করেন। তিনি আদালতের শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাতের গেজেট প্রকাশ স্থগিত রাখার আবেদন করেছিলেন। সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করে। রিট আবেদনকারী এবং বেঞ্চের একজন বিচারপতি একই গ্রামের বাসিন্দা হওয়ায় এটি শুনানির জন্য অন্য বেঞ্চে পাঠানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আসন সংখ্যার অনুপাতে নির্বাচন কমিশন বিএনপি জোটকে ৩৬টি, স্বতন্ত্র জোটকে একটি এবং জামায়াত জোটকে ১৩টি আসন বণ্টন করে দেয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাকি ৪৯টি আসনে প্রার্থীরা আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন। সবশেষ ৫০তম সদস্য হিসেবে নুসরাত তাবাসসুম শপথ নেওয়ার অপেক্ষায় রয়েছেন।