মে ৬, ২০২৬, ০৫:০৬ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবরে এবং মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী ও বধ্যভূমিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু। বুধবার (৬ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারে গিয়ে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।
এনসিপির এই দুই সংসদ সদস্য প্রথমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা রায়ের বাজার বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কিছুক্ষণ নীরবতা পালন ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদনকালে তাদের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা এবং কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুন।
এ সময় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হালিমও সেখানে উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই অভ্যুত্থান—উভয় আন্দোলনেই যারা প্রাণ দিয়েছেন, তাদের এই জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা রায়ের বাজার বধ্যভূমি এলাকা ঘুরে দেখেন এবং উপস্থিত নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিকেলে নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতুর আগমনে এলাকায় সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ দেখা যায়। এনসিপির অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও এই কর্মসূচিতে অংশ নেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন