রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শপথ নিতে সংসদে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৬, ২০২৬, ১১:৫৫ এএম

শপথ নিতে সংসদে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম

সংসদে প্রবেশ করছেন নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। আজ বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে তিনি সংসদে প্রবেশ করেন।সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টায় নুসরাত তাবাসসুমের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

সংসদ ভবনের নিজ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করাবেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নুসরাত তাবাসসুম জামায়াত জোটের প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া নিয়ে এর আগে আইনি জটিলতায় পড়েছিলেন নুসরাত। ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমার শেষ সময় থাকলেও তিনি বিকেল ৪টা ১৯ মিনিটে তা জমা দেন। ১৯ মিনিট বিলম্ব হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র গ্রহণ করেনি।

মনোনয়নপত্র বাতিল হওয়ার পর নুসরাত তাবাসসুম উচ্চ আদালতের দ্বারস্থ হন। পরে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ এবং আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনা অনুযায়ী ইসি তার মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করে এবং গেজেট প্রকাশ করে।

শপথ নেওয়ার জন্য নির্ধারিত সময়ের আগেই তিনি সংসদ ভবনে পৌঁছান। শপথ গ্রহণ শেষে তিনি সংসদ সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব শুরু করবেন। সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।